ঈদ পরবর্তীতে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে, এজন্য সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে , মহাসড়কে যানবাহন বাড়লেও হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২০ কিলোমিটারসহ জেলার ৩৫ কিলোমিটার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক শনিবার সকালে বলেন, শুক্রবার বিকেল থেকে ঢাকাগামী লেনে গাড়ির চলাচল বেড়েছে। গভীর রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেয়েছে। সেই অনুযায়ীই আমরা কাজ করছি। তবে ঈদ পূর্ববর্তী সময়ের মতোই আমরা মানুষের যাত্রা সুন্দর ও নির্বিঘ্ন করতে সম্পূর্ণ প্রস্তুত আছি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গাড়ির চাপ একটু বাড়লেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।
তিনি আরও বলেন, আমরা কর্মজীবী মানুষদের কর্মস্থলে ফেরা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দুই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা আছে। কর্তৃপক্ষকে বলে গোলচত্বর এলাকার মহাসড়কের ভাঙা ও গর্তগুলো মেরামত করিয়ে নিয়েছি। আশা করছি কোনো ভোগান্তি হবে না।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















