ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী মাকে দেওয়া ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এতে অসুস্থ হয়ে পড়া নবজাতককে ইনকিউবেটরে নিবির পর্যবেক্ষণ রাখা হয়েছে। এই ঘটনায় নবযাতকের বাবা সদর থানা ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের সুজন আকবরের স্ত্রী সাদিয়া আক্তার গত ৬ মে শুক্রবার রাত ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে গাইনি চিকিৎসক ডালিয়া আক্তারের অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তান প্রসব করেন। চিকিৎসক প্রসূতিকে দেওয়া প্রেসক্রিপশনের বিভিন্ন ওষুধের পাশাপাশি ইনজেকশন লেখেন। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালের নার্স আশা সেই ইনজেকশন মায়ের বদলে বাচ্চার শরীরে দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে পাশের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে পালিয়ে যায়।
সুজন আকবরের বাবা শামায়ন জানান, ঘটনার পর ওই হাসপাতালের লোকজন চিকিৎসা না দিয়ে উল্টো পালিয়ে যায়। পরে নবজাতককে চিকিৎসা দিয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে সবার সঙ্গে কথা বলে যায়।
ডাক্তার আক্তার হোসেনের সাথে কথা বললে জানা যায় শিশুটি বর্তমানে ভালো আছে।
আদি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের উপ ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হুসেন (আন্নু) বলেন যে ঘটনা টা ঘটেছে তা সত্য। তবে মীমাংসা করার চেষ্টা চলছে। আমরা এটা বসে শেষ করে দিব।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন,আমরা একটা লিখিত অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















