ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। সিডনিতে থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। তবে এবার নায়িকার সঙ্গে দেখা হলো দেশের ফোক সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী মমতাজের।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গেছেন মমতাজ। সিডনিতে অংশ নিয়েছেন ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠানে। এর ফাঁকেই দেখা হয় শাবনূরের সঙ্গে। শাবনূরও গোটা একটা দিন দিয়েছেন গায়িকাকে। তার এই ব্যবহারে মুগ্ধ হয়েছেন মমতাজ।
ফেসবুকে শাবনূরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন মমতাজ। ক্যামশনে তিনি লিখেছেন, ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।’
গত ১৮ মে অস্ট্রেলিয়া গিয়েছেন সংসদ সদস্য ও গায়িকা মমতাজ বেগম। তিনি সেখানে গিয়েছেন দেশটির কয়েকটি শহরে বাংলাদেশিদের আয়োজনে কানসার্টে অংশ নিতে। গত ২১ তারিখ মেলবোর্ন ঈদ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। আর ২৮ মে সিডনিতে আয়োজন করা হয়েছিল ‘বৈশাখী মেলা ’। সেখানেও গান গেয়ে প্রবাসীদের মাতিয়েছেন এই জনপ্রিয় গায়িকা।
২০১২ সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন শাবনূর। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন। গত বছরের ফেব্রুয়ারিতে অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহবিচ্ছেদ হয়। তাই এখন সন্তানকে নিয়েই প্রবাস জীবন কাটছে নায়িকার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























