বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিতাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।
উপসচিব নির্বাচন পরিচালনা-২ মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য বরগুনা জেলার তালতলী উপজেলাধীন সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ জুন তালতলী উপজেলার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তালতলী উপজেলার ফকিরহাট বাজারে শনিবার সন্ধ্যায় স্থানীয় যুবলীগের একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিল শেষে যুবলীগ নেতাকর্মীরা ফকিরহাট বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অবস্থান নেয়। ওই অফিসের পাশে একটি দোকানে স্বতন্ত্র প্রার্থী ফরাজী ইউনুসের সমর্থকরা নৌকা প্রতিক নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় নৌকার সমর্থকরা প্রতিবাদ করে। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।
নৌকা প্রার্থী সুলতান ফরাজী অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস ফরাজীর ছেলে সজিব ফরাজী নেতৃত্বে ২-৩ শতাধিক নেতাকর্মী তার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ও অফিস ভাংচুর করেছে।
এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুলতান ফরাজী, তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন্দ ও ফরাজী মো. ইউনুস।
সোনাকাটা ইউনিয়নের বিদ্রাহী প্রার্থী ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন্দ বলেন, নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন হলে আমি চেয়ারম্যান নির্বাচিত হতাম ।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর বলেন, সোনাকাটা নির্বাচনের পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছি। নির্বাচন স্থগিতর বিষয়টি ওই ইউনিয়নের সাধারন মানুষকে মাইকিং করে জানানো হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন কমিশনার নির্বাচন বন্ধ করে দিয়েছে।
এর আগে গতকাল রোববার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে নির্বাচন কমিশন কাজিরাবাদের উপ নির্বাচন বন্ধ ঘোষণা করে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















