চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানা এলাকায় পাহাড় ধসে ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরের আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
তিনি বলেন, শুক্রবার রাত ১ টার দিকে ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই জনের নাম— শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪)।
অন্যদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, রাত তিনটার দিকে আকবরশাহ থানার ফয়’স লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার কাজ করে। এদের মধ্যে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুইজন ঘটনাস্থলে মারা যায়। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















