মাসুদ রানাঃ গত ২২ জুন ২০২২ তারিখ রাত আনুমানিক ০১.ঘটিকার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন মাটিকুমড়া সাকিনস্থ নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় সাবেক শ্বশুর আজগর আলী (৫৫)সোহরাব আলীকে মেয়ের জামাই ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে রক্তাক্ত জখমপ্রাপ্ত করে।
আশপাশের লোকজন তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তাকে সেখানে নিয়ে ভর্তি করা হয়। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন ২০২২ ইং তারিখ ভোর ০৩:৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে।
সাবেক মেয়ের জামাই কর্তৃক নিজ শ্বশুরকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ গুরুত্বের সাথে প্রচারিত হয়।
উক্ত ঘটনা সংঘঠিত হওয়ার পর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার, জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক তত্তাবধানে ও নির্দেশনায় ঘটনাস্থল ও বিভিন্ন উৎস হতে প্রয়োজনীয় তথ্য সরেজমিনে সংগ্রহ করা হয়।
পরবর্তীতে সংগৃহীত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে সালাউদ্দিন সানা (২৮) জেলা ঝিনাইদহ এর সংশ্লিষ্টতা পাওয়া যায়। এলআইসি’র একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা হতে মামলার মূল আসামী- সালাউদ্দিন সানা (২৮) কে গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করে ।ভিক্টিম আজগর আলী তার আপন খালু এবং দ্বিতীয় শ্বশুর। ইতোপূর্বে সে ২০১৫ সালে আশাশুনি থানাধীন পাইতলী এলাকার খোকন শেখের কনিষ্ট কন্যাকে প্রথম বিয়ে করে। উক্ত সংসারে ৫ বছরের একটি শিশু সন্তান রয়েছে।
এরই ধারাবাহিকতায় ইং ০৮ জুন ২২ ইং তারিখ রাতের বেলা শিল্পী পারভীন (২২)কে যৌতুকের দাবিতে মারপিট করার সংবাদ প্রাপ্ত হয়ে তার বাবা আজগর আলী মোটর সাইকেল ভাড়া করে দেবহাটা হতে কালিগঞ্জ থানাধীন তার মেয়ের শ্বশুর বাড়ি যেয়ে তাদের কাছে বিস্তারিত ঘটনা জানতে চায়। তখন আসামী- মোঃ সালাউদ্দিন সানা কর্তৃক দাবিকৃত যৌতুকের ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা দিতে আজগর আলী রাজি হয়। কিন্তু উক্ত তারিখ রাতেই নগদ টাকা দিতে হবে, না দিলে তার মেয়ে শিল্পী পারভীনের সাথে ঘর সংসার করবে না মর্মে হুমকি দেয়। তখন মোঃ সালাউদ্দিন সানার পরিবারের সদস্যদের দাবীর প্রেক্ষিতে স্থানীয় কাজী সাহেবের মাধ্যমে শিল্পী পারভীনকে ডিভোর্স করে আজগর আলী তাকে সাথে করে দেবহাটাস্থ তার নিজ বাড়ীতে চলে যায়।
সালাউদ্দিন সানা তার সাথে শিল্পী পারভীনকে ডিভোর্স করে নিয়ে যাওয়ায় আজগর আলীর উপর কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুই বন্ধুর সাথে পরামর্শ করে দিন তারিখ চুড়ান্ত করে।
পরবর্তীতে ইং ২১ জুন ২০২২ ইং দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় অর্থ্যাৎ ২২ জুন ২০২২ তারিখ রাত আনুমানিক ০১:০৫ ঘটিকার সময় আসামী- মোঃ সালাউদ্দিন সানা তার অপর দুই সহযোগীসহ পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।
উক্ত ঘটনার বিষয়ে ভিক্টিম আজগর আলী (৫৫) এর ছেলে মোঃ মিজানুর রহমান (২৮) কর্তৃক সালাউদ্দিন সানা (২৮) কে প্রধান আসামী করে এজাহারনামীয় ২ ও অজ্ঞাতনামা ২/৩ আসামীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানা একটি মামলা দায়ের করা হয়।
সাবেক শ্বশুর ও আপন খালুকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার আসামীকে দ্রুততম সময়ে চিহ্নিত পূর্বক গ্রেফতার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

























