মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে।
শুক্রবার(১লা জুলাই) বিকাল সাড়ে ৩ টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথের শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ। কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সুমন কান্তি দের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।
এ সময় বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। সনাতনী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি।
এছাড়াও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান সহ মাধবপুর শিববাজার, আদমপুর, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর, ইসলামপুর, মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার(৯ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















