ফেনীতে বর্ষা মৌসুম এলেই শুরু হয় ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙ্গন। এটি যেন ফুলগাজীবাসীর নিয়তিতে পরিণত হয়েছে।
ফুলগাজী উপজেলার জয়পুর গ্রামে মুহুরী নদীর বেড়িবাঁধ খুব বিপদজনক অবস্থায় থাকায় এলাকার মানুষের শঙ্কা যেন কাটছে না। গত ৩০ জুন জয়পুরে বেড়িবাঁধে ভাঙ্গন সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলে যে কোন মুহূর্তে বেড়িবাঁধটি ভেঙ্গে জয়পুর, ঘনিয়ামোড়া সহ ফেনী বিলোনিয়ার প্রধান সড়কটি মুহূর্তে প্লাবিত হয়ে যাবে। সেই সাথে গ্রামীণ জনপদ, সড়কও বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শঙ্কিত এলাকাবাসীর দাবি পুরোপুরি বাঁধ ভাঙ্গনের আগে বেড়িবাঁধটি যেন মেরামত করে এই জনপদের মানুষের স্বস্তির ব্যবস্থা করে দেয়া হয়।
দুই সপ্তাহ আগে ফুলগাজী সদর ইউনিয়নে মুহুরী নদীর বাঁধের দুটি স্থানে ভাঙ্গন দেখা দেয়।বন্যায় একাধিক গ্রাম প্লাবিত হয়। সেই ভাঙ্গন স্থানগুলো দ্রুত মেরামত করার দাবি ফুলগাজী উপজেলাবাসীর।
ফুলগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড অল্প সময়ের মধ্যে দ্রুত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো ও ভাঙ্গনস্থানগুলো মেরামত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নিয়েছে। খুব দ্রুত ভাঙন স্থানগুলো মেরামত করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















