গভীর রাতে দুটি প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয় পাঁচজন বন্ধু। রাত সাড়ে ১১টার দিকে দশমাইল থেকে দিনাজপুর আসার পথে বেপরোয়া গতিতে প্রাইভেটকারটি চালায় তারা। এক পর্যায়ে দিনাজপুর সদর উপজেলার সাতমাইল নামক স্থানে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আর হাসপাতালে ভর্তির পর দুইজন মারা যায়।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের স্ইুহারী মহল্লার কপিলেশ বসাকের ছেলে বর্ণ বসাক (২৪), মুন্সীপাড়া মহল্লার মৃত নুর আমীন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) ও কসবা মহল্লার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৫)।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দিনাজপুর শহরের মুন্সীপাড়া এলাকার ক্যাবল অপারেটর মাহমুদন্নবী পলাশের ছেলে রওনক নবী প্রিয় (২৩) ও মাহাবুব আলমের ছেলে তানজিল (১৯)।
স্থানীয়রা জানান, গভীর রাতে বিকট শব্দ হলে তারা দৌড়ে ঘটনাস্থলে আসেন। এরপর উল্টা অবস্থায় থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে নিহত একজন ও গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করেন। গুরুতর আহত ৪ জনকে সঙ্গে সঙ্গে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, দশমাইলের দিক থেকে একটি কালো এবং অপর একটি সাদা রঙের প্রাইভেটকার প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। সাতমাইল নামক স্থানে মৃত্তিকা গবেষণা ইনষ্টিটিউটের সামনে এসেই কালো রংঙের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলে মারা যায়।
গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতেই একজন মারা যায়। এছাড়া দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তরের পর মারা যায় শাহরিয়ার শাওন। পরে গুরুতর আহত রওনক নবী প্রিয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তানজিল দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান দিনাজপুর কোতয়ালী থানার এস আই সৌরভ দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল। ঘটনাস্থলে গিয়ে তিনি যান চলাচল স্বাভাবিক করে দেন।




















