সংবাদ প্রকাশের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ার দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি শাকিল আহমেদকে প্রাণনাশের হুমকির বিচার দাবিতে রবিবার (১৭ জুলাই) মানবন্ধন করেছে পাথরঘাটা সাংবাদিক সমাজ। গত ১৩ জুলাই দৈনিক মানবকণ্ঠে “মঠবাড়িয়ায় বহুতল ভবনের মলমূত্রে ৪০টি পরিবারের ঈদ উৎসব ম্লান” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ভবন মালিক মনির হোসেন ওই দিন রাতে সাংবাদিক শাকিল আহমেদকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় ১৪ জুলাই ভবন মালিক মনিরের বিরুদ্ধে সাংবাদিক শাকিল মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের বাস ভবনের সামনে গিয়ে পুনরায় হুমকি দেয়।
এই মানববন্ধনে পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি, গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, বাংলানিউজের প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, দৈনিক সমকালের প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুমন হাওলাদার ও সম্পাদক জসিম এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তরিকুল ইসলাম , আমাদের নতুন সময়ের প্রতিনিধি আরিফুল ইসলাম ও পাথরঘাটার মানবকন্ঠের প্রতিনিধি মাহমুদুর রহমান রনি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,সাংবাদিকরা গণমানুষের কথা বলেন, দেশের উন্নায়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন। সাংবাদিকদের এই কাজের ধারা অব্যাহত রাখতে মনির হোসেনকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সারাদেশের সাংবাদিক সংগঠনকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















