গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীসহ দলীয় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে রায়হান শরীফ (৩২) নামের এক সরকারী কর্মচারীর বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগও করেছেন স্থানীয় এক পৌর কাউন্সিলর। সোমবার (১৮ জুলাই) দুপুরে অভিযোগের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আশরাফুল আলম রিপন।
অভিযুক্ত রায়হান শরীফ কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের মুসলিম ভূইয়ার ছেলে। তিনি দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড টাঁকশালে কর্মচারী হিসেবে কর্মরত।
কাউন্সিলর মো. আশরাফুল আলম রিপন জানান, সরকারী ওই কর্মচারী রায়হান বিভিন্ন সময় প্রধানমন্ত্রীসহ দলীয় স্থানীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মুহাম্মদ রায়হান শরীফ’ নামের ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন লিখা লিখে পোস্ট করে আসছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীসহ দলীয় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরণের অপপ্রচারের কারণে তাদের মানসম্মান, সামাজিক ও পারিবারিক ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। শিবিরের রাজনীতির সাথে জড়িত রায়হান শরীফ ব্যক্তি ইমেজে ঈর্ষান্বিত হয়ে বেশ কিছু দিন যাবৎ প্রধানমন্ত্রীসহ দলীয় স্থানীয় বিভিন্ন নেতাকর্মীদের নামে এ ধরণের অপপ্রচার করছে। এতে সামজিক আইন শৃঙ্খলা অবনতিরও আশঙ্কাও করছেন ওই পৌর কাউন্সিলর। তবে থানা থেকে অভিযোগটি গাজীপুরে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের ব্যাপারে রায়হান শরীফ নামের এক যুবকের বিরুদ্ধে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আশরাফুল আলম রিপন একটি অভিযোগ করেছেন। থানায় যেহেতু সকল প্রযুক্তি একসাথে পাওয়া যায় না, তাই কাউন্সিলরকে পরামর্শ দিয়েছি গাজীপুরে সাইবার ক্রাইমে অভিযোগটি দেওয়ার জন্য।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
















