নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোঃ সজিব (১৮) নামে এক পোলট্রি ব্যবসায়ীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।
রোববার (২৪ জুলাই) রাতে উপজেলার বারদীর ইউনিয়নের মছলন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত ব্যবসায়ীর পিতা মোঃ মোখলেছুর রহমান বাদী হয়ে সোমবার (২৫ জুলাই) দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের মোখলেছুর রহমানের বড় ছেলে মোঃ সজিব তার বাড়ির পাশেই ছোট একটি পোলট্রি ফার্ম দিয়ে পোলট্রি ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রতিদিনের মত রোববার রাত সাড়ে ১০ টার দিকে সজিব তার পোলট্রি ফার্মে দেখাশোনা করে বাড়িতে যাচ্ছিল। এসময় ওই এলাকারই জামানের ছেলে বখাটে মোরসালিন ও আলামিনসহ ৬/৭ জনের একটি দল মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় ব্রীজের ওপর সজিবের পথ গতিরোধ করে। পরে তারা সজিবের কাছে যা কিছু আছে তা ছিনতাইয়ের চেষ্টা করে। সজিব ছিনতাই করতে বাঁধা দিলে ছিনতাইকারীরা সজিবের শার্টের কালার ধরে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সজিবের সঙ্গে থাকা ১০ আনার একটি স্বর্নের চেইন, একটি মোবাইল সেট ও নগদ ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। সজিব আত্মচিৎকার করলে ছিনতাইকারীরা সজিবকে কিল ঘুষি ও লাথি মেরে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ















