ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরটিতে মাছ চাষ করতো স্থানীয় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। এতে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।
পুকুর মালিক নজরুল ইসলামের ছেলে আব্দুল হাকিম বলেন, আমাদের এ পুকুর’সহ ৪ টি পুকুর রয়েছে। চারিদিকে পানি বাড়তে থাকায় অন্যান্য পুকুরের মাছ ও এই পুকুরে ছাড়া হয়েছিল। বর্তমানে ষড়যন্ত্রের শিকার হয়ে আমার আব্বা এক মামলার আসামি হওয়ায় বাড়িতে থাকতে পারেন না। তাই আমরা ভাইয়েরাই এগুলোর দেখাশুনা করি।
আব্দুল হাকিম আরও বলেন, মাছ চাষের টাকাতেই আমাদের সংসার চলে। এ ঘটনায় প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে। এ লোকসান সইবার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা ন্যায্য বিচার চাই।
পুকুর মালিক নজরুল ইসলামের স্ত্রী বলেন, আমাদের এই পুকুরই সম্বল। এ ঘটনায় আমরা এখন নিঃস্ব। আমি এটার বিচার চাই। এ ঘটনায় স্থানীয় কয়েকজন বলেন, পুকুর টুকুই তাদের রুজিরোজগার এর মাধ্যম। অনেক টাকা তাদের এই পুকুর করতে গিয়ে ব্যয় হয়েছে। অভিযুক্ত যেই হোক বিচারের আওতায় আনার দাবি তাদের।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, ইতিমধ্যে পুকুরে মাছ মেরে ফেলার বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ














