নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ জ্বালানী তেল চোরাই চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র্যাব-১১ একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলো-মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মালিগাঁও গ্রামের মো.আঃ রহিমের ছেলে মো. ইসমাইল হোসেন (৩২) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়পয়ারী গ্রামের ওহেদ আলীর ছেলে মো.আলতাফ হোসেন (৪৫)।
এ সময় চোরাই ডিজেল তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করে র্যাব। শুক্রবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গত(২৮ জুলাই) বৃহস্পতিবার বিকালে সোনামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চোরাই ডিজেলসহ মো. ইসমাইল হোসেন ও মো. আলতাফ হোসেনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ















