সেন্সর বোর্ডের আপত্তি না থাকলেও অজানা কারণে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটি নিয়ে সরব হয়েছেন শোবিজ কর্মীদের অনেকেই। এ তালিকায় যোগ হয়েছে দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসানের নাম।
নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিনেমাটির পক্ষে অবস্থান নিয়েছেন জয়া। পাশাপাশি সেন্সর বোর্ড নিয়েও কথা বলেছেন জয়া। লম্বা স্ট্যাটাসে জয়া লিখেছেন, ‘পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, আমাদের দেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। এর সর্বশেষ শিকার এখন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।
কোনো চলচ্চিত্রের কাহিনী কী হবে, তারও কি এখন প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে? চলচ্চিত্রের বিষয় আকাশের তলায় মাটির পৃথিবীর যেকোনো কিছু। চূড়ান্ত কল্পনা, নিরেট বাস্তব, বাস্তব থেকে অনুপ্রাণিত কল্পনা।’
জয়া আরও লেখেন, ‘শনিবারের বিকেলে’ ছবিতে হলি আর্টিজানের শোচনীয় ঘটনাটির ছায়া আছে বলে? আসলেই আছে কিনা আমার জানা নেই। যদি থাকেও, তাহলেই বা ছবিটা আটকে দেওয়ার যুক্তি কী? হলি আর্টিজান ঘটেনি? আমাদের মন থেকে ধুয়েমুছে গেছে?’
হলি আর্টিজানের ঘটনা মন থেকে মুছে যেতে পারে না উল্লেখ করে জয়া লিখেছেন, ‘সত্যি বলতে কী, এ ঘটনা কখনোই আমাদের মন থেকে মুছে যেতে পারে না। মুছে যেতে দেওয়া যায়ও না। যে ঘটনার পুনরাবৃত্তি আমরা মোটেও চাই না, আমাদের ছেলে-মেয়েদের সামনে থেকে যে পথ চিরকালের জন্য অবরুদ্ধ করে রাখতে চাই, হলি আর্টিজানের ঘটনা তার জোরালো সতর্কঘণ্টা হিসেবে মন থেকে মনে বাজিয়ে যেতে হবে। ঘণ্টা বাজিয়ে ঘুম থেকে আমাদের মনটাকে জাগিয়ে তোলা তো চলচ্চিত্রেরই একটা কাজ।’
সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘আমরা চলচ্চিত্রের মুক্তি চাই, সব শিল্পের মুক্তি চাই। কারণ আমরা মানুষের মুক্তি চাই।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























