মেধাবী তরুণ মডেল ও অভিনেত্রী মৌ রহমান। খুব অল্প সময়ের মধ্যেই নিজের চেষ্টা ও অধ্যাবসায় নিয়ে জায়গা করে নিয়েছেন দেশীয় শোবিজ অঙ্গনে। কাজ করেছেন আলোচিত বেশ কিছু মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও নাটকে। নিমিত কাজ করে চলেছেন বিভিন্ন ফ্যাশন হাউস ও গণমাধ্যমের ইস্যুভিত্তিক ফটোশূটেও। আজ ২৪ সেপ্টেম্বর সেই মৌ রহমানের জন্মদিন।
ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশুনা করা মৌ রহমান শোবিজ অঙ্গনে পা রাখেন আরটিভির লুক অ্যাট মি ম্যাগাজিনের মডেল হিসেবে। এরপর ফ্যাশনে সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ বেশ কিছু নামীদামী প্রতিষ্ঠানের মডেল হয়েছেন তিনি। কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপণচিত্রসহ কয়েকটি টিভিসিতেও তিনি কাজ করেছেন।

সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’, রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’সহ বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তরুণ এই অভিনয় শিল্পী। এছাড়াও কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সড়ে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ কয়েকটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে অভিনয় করেন তিনি।
তবে বেশি বেশি কাজ করে গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর কোনো ইচ্ছে নেই তার। বেছে বেছে অল্প কাজেই তুষ্ট থাকতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ’আমি বেশি বেশি কাজ করে হারিয়ে যেতে চাই না। বরং ব্যাটে বলে হলে ভালো কিছু কাজ করতে চাই।’ মিডিয়ার সবার টার্গেট থাকে চলচ্চিত্র। এক্ষেত্রে মৌ রহমানের প্ল্যান কী? হেসে জানালেন, ‘দুয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। তবে আরো ভালো কিছুর জন্য অপেক্ষা করছি। ভালো কিছু হলে আমাকে চলচ্চিত্রেও দেখা যেতে পারে।’
২৪ সেপ্টেম্বর নিজের জন্মদিনের পরিকল্পনা নিয়ে মৌ রহমান জানালেন, ‘আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। কাকতালীয়ভাবে আজ কোনো কাজই নেই। হঠাৎ কোনো প্ল্যান না হলে সারাদিন বাসাতেই থাকা হবে।’ মৌ রহমানের জন্মদিনে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ অনেক অনেক শুভেচ্ছা।
বিজনেস বাংলাদেশ/আরএনকে


























