আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিকস দিবস-২০২২ উপলক্ষে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। এতে প্রথমদিনেই ৫ শতাধিক হতদরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ইনসুলিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে এ চিকিৎসা সেবা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, মুুহাম্মদ আরমান বাবু রোমেল। হাসপাতালের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, হাসপাতালের পরিচালক রাশেদুল হক, সকল চিকিৎসকগণ ও ডায়াবেটিস রোগীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মুুহাম্মদ আরমান বাবু রোমেল জানান, বিশ্ব ডায়াবেটিকস দিবস আজ। এ উপলক্ষে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ২দিন ব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।অসহায় ও হত দরিদ্র রোগীদের জন্য ফ্রি ইনসুলিন বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী বুধবার সারাদিন ব্যাপী সকল ডায়াবেটিকস রোগীদের জন্য চক্ষু পরীক্ষা বিনামূল্যে প্রদান করা হবে।




















