বগুড়ার শেরপুর উপজেলার শফিকুল ইসলাম সৌদি আরবে গিয়েছিলেন ভাগ্য বদলাতে। সেখানে ১৮ মাস কাজ করেও ঘুরে দাঁড়াতে পারেননি। উল্টো সাড়ে পাঁচ লাখ টাকা লোকসান গুণে দেশে ফিরতে হয় তাকে। কি করবেন, কীভাবে সংসার চালাবেন তা নিয়ে হতাশায় পড়েন এই যুবক।
একপর্যায়ে ইউটিউবে হাঁস পালন দেখে আগ্রহী হন শফিকুল। পরে সিরাজগঞ্জের তারাশে এক খামারির পরামর্শ নিয়ে বন্ধুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার করেন। সেই টাকা থেকে ২০ হাজার টাকা ব্যয় করে কেনেন ৫০টি হাঁস। সেখান থেকেই শুরু তার এগিয়ে চলা।
৫০ থেকে ৫০০, এরপর এক হাজার। বর্তমানে শফিকুলের খামারে হাঁসের সংখ্যা প্রায় দেড় হাজার। শুধু হাঁস পালনই করছেন না শফিকুল। হাঁসের বিষ্ঠা ব্যবহার করে মাছ চাষও করছেন। গত ১০ মাসে খামার থেকে চার লাখ টাকা লাভ করেছেন। বর্তমানে খামারটিতে দুজনের কর্মসংস্থান হয়েছে।
শফিকুল বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার পরিবারের সদস্য সংখ্যা সাতজন। স্ত্রী, মা ও চার সন্তানসহ পরিবারের সবাই তার আয়ের ওপর নির্ভরশীল।
শফিকুল জানান, কর্মসংস্থানের আশায় সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে যাওয়ার আগে দালালের মাধ্যমে যে ধরনের কাজ ও আয়ের কথা বলা হয়েছিল, বাস্তবে তা পাননি। বিভিন্ন আত্মীয়স্বজন ও বাবার কাছ থেকে টাকা নিয়ে সৌদি আরবে যান। সব মিলিয়ে সেখানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হলেও প্রত্যাশিত আয় হয়নি। এ কারণে ১৮ মাস থাকার পর লোকসান গুণে দেশে ফিরে আসেন।
সেখান থেকে ফেরার পর কী করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন শফিকুল। সন্তানদের পড়ালেখা ও পরিবারের খরচ চালানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তখন ইউটিউবে হাঁস পালন দেখে এ বিষয়ে আগ্রহী হন। সিরাজগঞ্জের তারাশে গিয়ে এক হাঁসের খামারির সঙ্গে কথা বলেন। ওই খামারি তাকে ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে খামার বড় করার পরামর্শ দেন।
সেই খামারির পরামর্শে প্রথমে ৫০টি হাঁস দিয়ে খামার শুরুর পরিকল্পনা করেন শফিকুল। এ জন্য তিনি বন্ধুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার করেন। সেখান থেকে ২০ হাজার টাকা খরচ করে হাঁস কিনে খামার শুরু করেন।

শফিকুল জানান, প্রথম দিকে তিনি বাড়িতেই হাঁস পালন করতেন। পরে খামারের পরিসর বাড়াতে থাকে। ৫০০ হাঁস হওয়ার পরও বাড়িতেই খামার পরিচালনা করেন। হাঁসের সংখ্যা এক হাজারে পৌঁছালে পাঁচ বছরের জন্য সাড়ে চার বিঘা জমি ইজারা নেন। এ জমির বার্ষিক ইজারা মূল্য ৫০ হাজার টাকা। বর্তমানে তার খামারে প্রায় ১৪০০ থেকে ১৫০০টি হাঁস রয়েছে। সব হাঁসই খাকি ক্যাম্পবেল জাতের।
শফিকুল ইসলাম বলেন, “আমি শূন্য থেকে শুরু করেছি। অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি। আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়া হলে খামার আরো বড় করতে পারব। এতে নিজেদের পাশাপাশি এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
তার এই খামারের বিশেষত্ব তিনি স্ত্রী হাঁসের চেয়ে পুরুষ হাঁস বেশি পালন করছেন। বর্তমানে তার খামারে প্রায় ৩০০টির মতো স্ত্রী হাঁস রয়েছে। বাকিগুলো পুরুষ।
এই উদ্যোক্তা জানান, সাধারণত অনেক খামারি ডিম উৎপাদনের জন্য স্ত্রী হাঁস পালন করেন। তিনি পুরুষ হাঁস পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন। কারণ, হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য হ্যাচারিতে পুরুষ হাঁসের প্রয়োজন হয়। এক্ষেত্রে পুরুষ হাঁসের চাহিদা রয়েছে সব খামারিদের কাছে।
শফিকুল ইসলাম জানান, আগামী জানুয়ারি মাসে খামারে ডিম থেকে বাচ্চা উৎপাদনের কার্যক্রম বাড়লে তার খামারের পুরুষ হাঁসের চাহিদা তৈরি হবে। তখন পাঁচ থেকে ছয় মাস বয়সী পুরুষ হাঁসগুলোর প্রতিটি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করতে পারবেন। অন্যদিকে, স্ত্রী হাঁসগুলোও ডিম দেওয়া শুরু করবে।
তিনি জানান, হাঁসের খাবারের জন্য প্রতিদিন গড়ে প্রায় চার হাজার টাকা খরচ হয়। মাসে খাবারের পেছনে ব্যয় দাঁড়ায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। হাঁসের খাবার হিসেবে ধান, গমের কুঁড়া ও ভাঙা ভুট্টা ব্যবহার করেন তিনি। পাশাপাশি পুষ্টির জন্য কিছু অতিরিক্ত খাবারও দেওয়া হয়। খামারে দুজন শ্রমিক রয়েছেন। তাদের একজন দিনে, অন্যজন রাতে পাহারার দায়িত্বে থাকেন। তাদের মাসিক বেতন একজনের পাঁচ হাজার ও অন্যজনের ১৫ হাজার টাকা।
শফিকুল ইসলাম জানান, গত মৌসুমে প্রায় এক হাজার হাঁস নিয়ে খামার পরিচালনা করেছেন। তখন প্রায় ১০ মাসে সব খরচ বাদ দিয়ে চার লাখ টাকার মতো লাভ হয়েছিল। এবার যেহেতু, তার খামারে ১৫০০- এর মতো হাঁস রয়েছে তাই আয়ও বাড়বে।
শুধু হাঁস পালনেই সীমাবদ্ধ থাকতে চান না শফিকুল। খামারের জমিতে মাছ চাষও শুরু করেছেন। হাঁসের বিষ্ঠা ব্যবহার করে পুকুরে মাছের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। সেখানে প্রায় ১ হাজার ৮০০টি পাঙাশ মাছ ছেড়েছেন। পাশাপাশি খামারের আশপাশের জমিতে কলা ও পেঁপে এবং হাঁসের ঘরের ছাদে লাউ চাষের পরিকল্পনা রয়েছে তার।
শফিকুল ইসলাম বলেন, একদিন নিজের খামারে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদনের ব্যবস্থা করবেন। খামারটিকে আরো বড় করে ২০ থেকে ৫০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চান।
তিনি বলেন, “আমি শূন্য থেকে শুরু করেছি। অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি। আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়া হলে খামার আরো বড় করতে পারব। এতে নিজেদের পাশাপাশি এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
খামার পরিচালনায় আর্থিক সংকটের পাশাপাশি প্রাণিসম্পদ বিভাগের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন শফিকুল ইসলাম। তিনি বলেন, “হাঁসের রোগবালাই দেখা দিলে সব সময় প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহায়তা পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে নিজেদের উদ্যোগেই হাঁসের চিকিৎসার ব্যবস্থা করতে হয়।”
শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর রহমান জানান, উপজেলার খামারিদের খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এ মুহূর্তে তাদের দপ্তরে ঋণের কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। বরাদ্দ পাওয়া গেলে শফিকুলকে বিবেচনায় রাখা হবে।



















