রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবারো দলের মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল দুপুরে রাজধানীর বনানীতে জাপার কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু তাকে মনোনয়ন দেন। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাপার ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসির।
মনোনয়ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্যান্য নেতাকর্মীর মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিস বলেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের ঊর্ধ্বতন নেতারা রংপুরে একাধিক সভা-সমাবেশে বর্তমান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তবে গতকাল আনুষ্ঠানিকভাবে প্রার্থী যাচাই-বাছাই শেষে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোস্তাফিজার রহমান মোস্তফাকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সাধ্যমতো কাজ করেছি। ভোটাররাও খুশি। আশা করি, নিরপেক্ষ ভোট হলে পুনরায় জয়লাভ করব। তাছাড়া রংপুর জাপার দুর্গ। তাই আমার প্রতি আস্থা রাখায় পার্টির চেয়ারম্যানসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।




















