বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম রবিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার সকাল আট’টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগদান করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
গত বুধবার (১৬ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামকে ০৪ বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ১৯৭৩ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী কম্পিউটার প্রকৌশলী এবং শিক্ষাবিদ। এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বুয়েটের শহীদ স্মৃতি হলের প্রভোস্ট, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো)লিমিটেডের স্বতন্ত্র পরিচালক, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কম্পিউটার প্রকৌশল বিভাগের সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পরিচয়পত্র, এমআরপি এবং ইভিএম-সহ বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজনেস বাংলাদেশ / bh




















