টাঙ্গাইলে আসন্ন রমজানে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার নজরদারি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তারের নেতৃত্বে শহরের পার্কবাজার পরিদর্শন করা হয়। এসময় সকল ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণসহ প্রতিটি দোকানে মুল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি না করার জন্য অবগত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, পার্ক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জোয়াহের আলী প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় জেলা বাজার মনিটরিং কমিটির পক্ষ থেকে পার্ক বাজারে আসি। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করাসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও ক্রেতাদের সকলেরই দায়িত্ব রয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুদ করে অতিরিক্ত দামে পন্য বিক্রি না করে সেই জন্য তাদের অবহিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি সচেতনামূলক কার্যক্রমের কারণে টাঙ্গাইলবাসী এর সুফল ভোগ করবে। বাজার স্থিতিশীল রাখতে সকলেই প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। কেউ বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















