বৃহস্পতিবার, ১৬ মার্চ বেলা সাড়ে ১১টায় এ বুথে ভোট পড়েছে ৬৯টি। এ সময় তথ্য নেওয়ার জন্য কয়েকজন সংবাদকর্মী কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো.আনিসুর রহমান তাদের বের হয়ে যেতে বলেন। সংবাদকর্মীরা কারণ জানতে চাইলে তিনি বলেন, সমস্যা আছে বের হয়ে যান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১নং বুথে ব্যাপক জটলা। এ বুথে ভোটার সংখ্যা ৩৩৯ জন। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৪৩ জন।
সংবাদকর্মীসহ স্থানীয় ভোটারদের অভিযোগ, ভোটগ্রহণ শুরু থেকেই প্রিসাইডিং আনিসুর রহমান সংবাদকর্মীদের সঙ্গে এমন আচরণ করে যাচ্ছেন। তার এমন আচরণ সবার কাছে সন্দেহের জন্ম দিচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনের তথ্য সংগ্রহ করতে সংবাদ কর্মীরা যেকোনো সময় ভোটকক্ষে প্রবেশ করতে পারবে। প্রিসাইডিং অফিসার এমনটা করতে পারে না। আমি বিষয়টি দেখছি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা এবং ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন ও নাগরপুর ইউনিয়নের ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি কেন্দ্রে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু রাখতে বিজিবি, পুলিশ, র্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















