টাঙ্গাইলের তিন উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণাসহ ২৩৮ টি ঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ বিষয়ে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ১২ টি উপজেলায় তিন হাজার ৬৩২টি ভূমি ও গৃহহীন পরিবার চিহ্নিত করা হয়। মুজিববর্ষ উপলক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে দুই হাজার ৯৬২ টি পরিবারের মাঝে জমিসহ পাকা দালান গৃহ ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণাসহ ২৩৮ টি ঘরের উদ্বোধন করেছেন। গত বছর ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, আশ্রয়ণ প্রকল্পের জন্য ৭৬ একর ১৬ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪০ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার টাকা। এছাড়াও ফসলিসহ বিভিন্ন শ্রেণীর ২১৮ দশমিক ৭২ একর জমি উদ্ধার করা হয়েছে। আশ্রয়ণের বাসিন্দাদের স্বাবলম্বী করতে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস, ঈদসহ বিভিন্ন উৎসবে আশ্রয়নের বাসিন্দা পরিবারের শিশুদের নতুন কাপড় খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে প্রশাসন সর্বদা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















