আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত কোচ সংযোজন করে বাড়তি যাত্রী পরিবহন ও ঘরমুখো মানুষের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের পাশাপাশি ৪ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ১১৬টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদে কোনো যাত্রীবাহী ট্রেন যাতে ইঞ্জিন সংকটে না পড়ে তার জন্য এই উদ্যোগ।
প্রস্তাবনায় আগামী ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল, ঈদের পরে সাপ্তাহিক ছুটি যথারীতি চালু, ঈদের দিন আন্তঃনগর, মেইল এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ, ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত কনটেইনার ট্রেন ছাড়া বাকি গুডস ট্রেন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলে বিশেষ ট্রেন পরিচালনা, অগ্রিম টিকিট বিক্রি, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে কারখানা থেকে অতিরিক্ত কোচ পাওয়া সাপেক্ষে বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেন পরিচালনার প্রস্তাব পাঠানো হয়েছে। রেলভবনে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে; সেখানে পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ঈদ উপলক্ষে রেলে যাত্রী পরিবহনের পুরো বিষয়টি ব্রিফ করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন এবং কমার্শিয়াল বিভাগ থেকে জানা যায়, এবার ঈদে অতিরিক্ত যাত্রীর চাহিদা মেটানোর জন্য পূর্বাঞ্চলে পাহাড়তলী ওয়ার্কশপে ৪০টি এবং সৈয়দপুর ওয়ার্কশপে ৪টিসহ মোট ৪৪টি মিটারগেজ কোচ মেরামত করা হচ্ছে। এসব কোচ প্রতিটি আন্তঃনগর ট্রেনে সংযোজন করা হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, এবারও ঈদযাত্রায় ৫ দিনব্যাপী প্রতিটি আন্তঃনগরে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এজন্য পাহাড়তলী ওয়ার্কশপে কোচগুলো মেরামত করা হচ্ছে। কিছুদিনের মধ্যে কারখানা থেকে কোচগুলো বের হবে। এছাড়া প্রতি বছরের মতো এবারও চাঁদপুর স্পেশালসহ বিভিন্ন রুটে ঈদ স্পেশাল চলাচল করবে।
এদিকে ১৭ এপ্রিল থেকে ঈদযাত্রা শুরু হবে বলে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম–চাঁদপুর রুটে নিয়মিত ট্রেনের পাশাপাশি ২টি ঈদ স্পেশাল ট্রেন চলবে ৪ দিনব্যাপী। এছাড়া ময়মনসিংহ ঈদ স্পেশাল এবং সিলেট–চাঁদপুর রুটেও চলাচল করবে। এসব রুটে মোট ৪টি ঈদ স্পেশাল ট্রেন চলবে।
স্পেশাল ট্রেনগুলো হলো চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম; চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ চাঁদপুর–চট্টগ্রাম–চাঁদপুর; ময়মনসিংহ ঈদ স্পেশাল ৭ ও ৮ চট্টগ্রাম–ময়মনসিংহ–চট্টগ্রাম; ঈদ স্পেশাল ৯ ও ১০ সিলেট–চাঁদপুর–সিলেট রুটে ঈদের আগে চার দিন এবং ঈদের পরের পাঁচ দিন চলাচল করবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাাঙ্গীর হোসেন বলেন,প্রতি বছর ঈদযাত্রায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে প্রতিটি ট্রেনে ঘরমুখো মানুষের ভিড় থাকে। অতিরিক্ত যাত্রী পরিবহনে ঈদের আগের ৫ দিন হিমশিম খেতে হয় রেল কর্মকর্তাদের। অধিক যাত্রী পরিবহনের জন্য প্রতিটি ট্রেনে নিয়মিত কোচের পাশাপাশি অতিরিক্ত কোচ লাগানো হয়। এবারও সেই প্রস্তুতি আগেভাগে নেয়া হয়েছে বলে পাহাড়তলী ওয়ার্কশপের সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন।
জানা গেছে, প্রতিবছর ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় যাত্রী পরিবহন করে থাকে রেলওয়ে। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থা হিসেবে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে; বিষয়টি মাথায় রেখে মেইল ও এক্সপ্রেস ট্রেনে চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















