আমরা করবো জয় শীর্ষক রাজনৈতিক কর্মশালায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
সুশিক্ষিত প্রশিক্ষিত কর্মীবাহিনী ছাড়া রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন সম্ভব নয় বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
৩ জুন শনিবার চট্টগ্রাম মহানগরীর সদরঘাট, মনোহরখালীস্থ বন্দর ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা করবো জয়’ আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত আহবান জানান সুজন।
এ সময় চট্টগ্রাম মহানগর ১৪ দলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক সুজন বলেন একটি দলের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীবাহিনী। সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীবাহিনী ছাড়া রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন বাঁধাগ্রস্ত হয়। তাই কর্মীদেরকে জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। সুশিক্ষিত হওয়ার পাশাপাশি প্রশিক্ষিতও হতে হবে। সেজন্য পড়ালেখার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে হবে। তাহলেই রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অনলাইন মাধ্যম এবং সামাজিক মাধ্যমে তাদের নেতিবাচক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এজন্য পড়ালেখার পাশাপাশি একজন আদর্শ রাজনৈতিক কর্মী হিসেবে বেড়ে উঠতে হবে। সুজন বলেন আমরা রাজনৈতিক কর্মীরা মিছিল, সভা, সমাবেশে যাই, নেতাদের বক্তব্য শুনে চলে আসি। এটার বাইরেও আমাদের আরো কাজ আছে। আমাদেরকে রাজনীতির প্রতিটি বিষয় খুব গভীরভাবে উপলব্দি করতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সকলকে চোখের ঘুমকে হারাম করে দলের জন্য কাজ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে প্রতিটি রাজনৈতিক কর্মীর জন্য আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে তিনি দেশি বিদেশি চক্রান্তকারীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। তারা যেকোন ভাবে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমাদের সকলকে এখন তাই মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে, তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। আর সে কাজটি যদি আমরা করতে পারি তাহলেই আমরা আগামী নির্বাচনে আবারো বিজয়ী হতে পারবো। তিনি ‘আমরা করবো জয়’ এর সকল সদস্যদের সন্ত্রাস সৃষ্টিকারী ও দেশ বিরোধী চক্রান্তকারীদের অপতৎপরতার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় সোচ্চার হওয়ার অনুরোধ জানান। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত মেধা ও জ্ঞানকে তিনি দেশের কাজে নিয়োজিত করে দেশকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সে অবস্থানকে ধরে রাখা। আমাদের তরুন প্রজন্মকে এখন থেকেই সে দায়িত্ব নিতে হবে। সুশৃংখল এবং আদর্শ কর্মীবাহিনীই হচ্ছে একটি রাজনৈতিক দলের মূল হাতিয়ার। আমরা মনে করি ‘আমরা করবো জয়’ এর সদস্যগণ দলের নীতি ও আদর্শের প্রতি সদা সর্বদা সচেষ্ট থাকবে। সকল ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে এ সংগঠনের অভিযাত্রা চলমান থাকবে বলে মন্তব্য করেন তিনি। দাবা, লুডু এবং কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালার শুরু হয়। বিকেলে মূল কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, নগর যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন চৌধুরী আজাদ, সাবেক ছাত্রনেতা মাঈনুল হক লিমন, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিউদ্দিন শাহ, তারেক হায়দার বাবু, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, নীলু নাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, আব্দুর রহিম জিল্লু, নিয়াজ মোর্শেদ, সাজ্জাদ হোসেন, শফিকুল আলম রনি, ওমর ফারুক, আ ফ ম সাইফুদ্দিন, শওকত আলী রনি, ইরফানুল আলম জিকু, শাহরিয়ার হাসান, আবু তারেক রনি, ফয়সাল সাব্বির, শেখর দাশ, মো. রাশেদ, রিপা সরকার, হাবিব রহমান, ফয়সাল অভি, মো. আকবর হোসেন রাজন, মো. আলী মিঠু, মো. জুনায়েদ, আব্দুল হাবিব বাপ্পী, অভি শীল, সাইফুল্লাহ সাঈফ, মো. আমির সরোয়ার চৌধুরী, তন্ময় দাশ গুপ্ত, শাহরিয়ার কাইয়ুম ইরফান, আকবর খান, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, জয়জিৎ চৌধুরী, তাহমিদ চৌধুরী প্রমূখ।























