আগামীকাল বুধবার (২১ জুন) টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরাঞ্জাম পাঠানো হয়েছে।
এদিকে, পৌর এলাকায় বহিরাগতদের আনাগোনা থাকায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্রপ্রার্থী। বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। তবে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ সমর্থিত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু ও নারিকেল গাছ প্রতীকে বিএনপির বহিষ্কৃত নেতা এনামুল করিম অটল। মেয়র পদে তিনজন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০জন। মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস শোনা যাচ্ছে।
জানা যায়, দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় বিএনপি নেতা এনামুল করিম অটলকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এজন্য বিএনপির শীর্ষ পর্যায়ের কোনও নেতাকে প্রকাশ্যে তার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে না। দলীয় সমর্থন না থাকায় তিনি কিছুটা বেকায়দায় রয়েছেন। তবে বিএনপির ভোট সঠিকভাবে প্রয়োগ হলে অবস্থান ভালো হতে পারে তার। আর উপজেলা আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকায় কিছুটা বেকায়দায় রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহিম আহমেদ। তার ভোট ব্যাংক থাকায় গত নির্বাচনেও তিনি সুবিধা পেয়েছিলেন। তবে এবার ভোটব্যাংকের হিসেবে মেলাতে কঠিন হবে। ভোট ব্যাংক আর দলীয় সমর্থন সঠিকভাবে কাজ হলে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন তিনি।
অপরদিকে, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপুর দলীয় সমর্থন ও দলে কোন্দল না থাকায় বেশ ভালো অবস্থানে রয়েছেন তিনি। তাকে জয়ী করতে মাঠে নেমেছেন কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
রাহাত হাসান টিপু এর আগেও নির্বাচনে অংশ নিয়েছিলেন। গত নির্বাচনের চেয়ে এবার তার অবস্থান বেশ শক্ত। তবে সব মিলিয়ে এ নির্বাচনে ত্রিমুখী ভোটযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদ বলেন, নির্বাচনের পরিবেশ খুব সুন্দর। সাধারণ ভোটাররটা আমার পক্ষে রয়েছেন। সাধারণ ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবেন। আমার অসমাপ্ত কাজগুলোসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করার ভাবনা রয়েছে। বাসাইল পৌরসভাবে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার চিন্তা রয়েছে। আমার বিশ্বাস মানুষ আমাকে আরেকটিবার কাজ করার সুযোগ দেবেন।
গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু বলেন, ‘সাধারণ ভোটাররা আমার পক্ষে রয়েছেন। আমি নির্বাচিত হতে পারলে মানুষ আমাকে সব সময় কাছে পাবেন। এছাড়াও বাসাইল পৌর এলাকার বাসিন্দারা সঠিকভাবে তাদের সেবা পাবেন। উন্নয়নমূলক কাজসহ সকল ন্যায্য অধিকার তারা ফিরে পাবেন। বাসাইল পৌরসভাকে একটি উন্নত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আমার বিশ্বাস সাধারণ ভোটার ও সচেতনমহল আমাকে একটিবার কাজ করার সুযোগ দেবেন।
নারিকেল গাছ প্রতীকের প্রার্থী এনামুল করিম অটল বলেন, ‘গত নির্বাচনে আমাকে ফেল করানো হয়েছে। এবার নির্বাচন কমিশন বলছে ভোট সুষ্ঠুভাবে হবে। আমি ক্ষতিগ্রস্ত মানুষ। আমার বিশ্ববাস সাধারণ ভোটাররা আমাকে একটিবার কাজ করার সুযোগ দেবেন। বাসাইল পৌরসভাকে নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে। বহিরাগতদের আনাগোনা দেখে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি রয়েছে। আশা করছি বিগত বছরের মতো এবারের নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে।’
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠ করে নির্বাচন কমিশনের ১০ জন নিজস্ব পর্যবেক্ষক দায়িত্ব পালন করবে। এক জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০ কেন্দ্রে ১০ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পর্যাপ্ত সংখ্যক পুলিশসহ, দুই প্লাটুন বিজিবি এবং তিনটি র্যাবের টিম দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে একজন করে কারিগরি মোবাইল টিমের সদস্য থাকবে। আশা করি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
প্রসঙ্গত, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০জন। ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্র রয়েছে। আর ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৫৩টি। ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।
০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কাল বাসাইল পৌরসভা নির্বাচন: মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৬:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- 72
ট্যাগ :
জনপ্রিয়
























