ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চত্বর হিসেবে ঘোষনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সরাইল উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দীন ঠাকুর। শুক্রবার (২৩ জুন) বিকালে সরাইল উপজেলা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।
রফিক উদ্দিন ঠাকুর বলেন, জীবন বাঁজি রেখে সারা জীবন আন্দোলন সংগ্রাম করে যারা সরাইলে আওয়ামীলীগকে প্রতিষ্ঠা করেছে, একটি মিথ্যা মামলায় জড়িয়ে আওয়ামী লীগের এ সব ত্যাগী নেতাদের নির্মূল করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল।
তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলায় যাদের আসামী করা হয়েছে তারা নির্দোষ। প্রকৃত খুনীদের আড়ালে রেখে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের ষড়যন্ত্র করে এই মামলায় আসামী করা হয়েছে। সত্যিকার অর্থে যারা এ কে এম ইকবাল আজাদ এর প্রকৃত খুনি তাদের সনাক্ত করতে তিনি এই মামলার পুনঃ তদন্ত দাবি করে প্রকৃত খুনিদের বিচার দাবি করেন।
ঠাকুর আরও বলেন, উপজেলা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্রমূলকভাবে বীর মুক্তিযোদ্ধাসহ সরাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যে সকল নেতাদের এই মামলায় আসামী করা হয়েছে এই মামলা থেকে তাদের অব্যাহতি দাবি করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলীর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের নেতা হাজী মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সরাইল উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দীন ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মফিজুল ইসলাম রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুল আসাদ সিজার প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল করে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।























