ঈদুল আযহাকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েক গুন বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। টাঙ্গাইলের বিভিন্ন বাসস্ট্যান্ডে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসের আসন পাচ্ছে না যাত্রীরা। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে।
সোমবার বিকেলে পর্যন্ত মহাসড়কে কোন যানজট চোখে পড়েনি। তবে সেতুর উপরে পৃথক দুর্ঘটনায় দফায় দফায় টোল বন্ধ রাখায় ও মহাসড়কের একাধিক গাড়ি বিকল হওয়ায় ভোর রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন।
দুপুর থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, রাবনা ও এলেঙ্গা এলাকা ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। কেউ ঘরে ফিরছে, আবার কেউ পশু নিয়ে রাজধানীর হাটে যাচ্ছে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। বাসে আসন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌছাতে দেখা গেছে।
রাবনা এলাকায় কথা হয় সিরাজগঞ্জগামী জহিরুল ইসলামের সাথে। তিনি বলেন, দুপুর থেকে প্রায় দেড় ঘন্টা বাসের জন্য অপেক্ষা করে বাস পাচ্ছি না। একশ টাকার ভাড়া চাচ্ছে সাড়ে তিনশ টাকা।
বগুড়াগামী বাস চালক জুবায়ের হোসেন বলেন, সকালে মহাখালী থেকে উত্তরবঙ্গের দিকে রওনা হয়েছি। এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর ও চন্দ্রা এলাকায় যানবাহনের চাপে থেমে থেমে আসতে হয়েছে। টাঙ্গাইল অংশে যানবানের কোন জট নেই। স্বাভাবিকভাবে বাস চালাতে পারছি।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, শনিবার রাত ১২ টা থেকে রোববার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫৭টি যানবাহন। যার বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় পারাপার হয়েছে ১৪ হাজার ৯৭৬টি যানবাহন আর টোল আদায় হয় এক কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা। এছাড়া পশ্চিম টোল প্লাজায় পারাপার হয় ১৪ হাজার ৮৮১টি যানবাহন। এতে টোল আদায় হয় এক কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা। তিনি আরও জানান, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে মহাসড়কে সাত শতাধিক পুলিশ সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। আশা করি, সেতুর উপর ও মহাসড়কে গাড়ি বিকল বড় কোন দুর্ঘটনা না হলে গত ঈদের মতো এ ঈদেও কোন যানজট হবে না।
১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা: চাপ বাড়লেও নেই যানজট, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৭:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- 55
ট্যাগ :
জনপ্রিয়























