কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -১৫ এর সদস্যরা। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টারদিকে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকার বাসিন্দা আবদুল গফুর ও মাহমুদা দম্পতির ছেলে মোঃ রমজান আলী (২৩)। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ২/৩ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
এক প্রেস বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, র্যাব-১৫, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
পরে আটক ব্যক্তির শরীর ও অটোরিকশা তল্লাশি করে রিক্সার পেছনের সীটের নিচে লুকিয়ে রাখা সাদা বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার আসামি ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















