কিশোরগঞ্জের সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৬ আগস্ট ) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করবে একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্দুর প্রভাতি (৭৫০) ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এই সময় পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং উদ্ধারকার্য শুরু হয়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কার্যক্রম করবে। এতে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।




















