গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব। আজ বুধবার বিকালে তাকে রাজধানীর শাহবাগ থেকে আটক করা হয়। এ সময় ইমরান একটি কর্মসূচিতে ছিলেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, অভিযোগের প্রেক্ষিতে ডা. ইমরান এইচ সরকারকে আমরা আটক করেছি। তবে বিষয়টি যাচাইবাছাই চলছে।
‘ক্রসফায়ারের নামে নির্বিচারে মানুষ খুন’ এর প্রতিবাদে আজ বিকাল চারটায় শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সেখানে সমেবেত হয়।
এসময় জাতীয় জাদুঘরের সামনে থেকে সাদাপোশাকের আট নয়জনের একটি দল ইমরানকে মাইক্রোবাসে তুলে নেয়। ইমরানকে তুলে নিয়ে যাওয়ার সময় তাতে বাধা দেন গণজাগরণ মঞ্চ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় সাদাপোশাকের ওই দলটি মাইক্রোবাসের সামনে র্যাবের পরিচয়–সংবলিত একটি কাগজ লাগিয়ে দেয়। পাশাপাশি কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের লাঠিপেটাসহ ধাওয়া দেন র্যাবের সদস্যরা। এতে দীপক শীল নামে ছাত্র ইউনিয়নের এক নেতাকে আহত হতেও দেখা যায়। ঘটনার সময় একই স্থানে পুলিশের অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।




















