স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারে ধানের শীষ ঢাকা-১৮ আসনের দক্ষিণ খান থানায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর। একই সঙ্গে তিনি জানান, নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের প্রতিটি থানায় আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে।
নির্বাচনী প্রচারণার ১১তম দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিশেষায়িত চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। দক্ষিনখান থানার ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
এস এম জাহাঙ্গীর বলেন,“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু আজ তা হয়ে উঠেছে বিলাসিতা। জনগণের ভোটে নির্বাচিত হলে দক্ষিণখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণ করে এই বৈষম্য দূর করা হবে।”তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই ধানের শীষের রাজনীতি। সেই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দেওয়া হবে।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,“প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
তরুণদের কর্মসংস্থান, নারীর চলাফেরায় নিরাপত্তা এবং সিনিয়র সিটিজেনদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির বিষয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন,
“প্রতিটি ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারে সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্পে চোখ, নাক, কান, গলা, মেডিসিনসহ মোট ১৫টি বিভাগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নাগরিকরা গণমাধ্যমকে জানান, কোনো পূর্ব সিরিয়াল ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি সেবা পাওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। স্থানীয় এক সেবাগ্রহীতা বলেন,“এ ধরনের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অনেক বড় স্বস্তি। আমরা চাই ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকুক।”
এ কর্মসূচির মাধ্যমে এস এম জাহাঙ্গীরের নির্বাচনী অঙ্গীকার ও মানবিক রাজনীতির বার্তা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
ডিএস./

























