মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফর করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পর্যটন নগরী শ্রীমঙ্গল-এর প্রবেশদ্বার চা কন্যা ভাস্কর্য প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এলাকার সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিএনপি সরকার কাজ করবে।
তিনি বলেন, “এলাকার চা-জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠীসহ ২৯টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে। এসব রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, “এই বিজয় আমার একার নয়, এলাকার নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কষ্টের ফসল। আপনারা যে ফুলের তোড়া দিয়েছেন, তা উপজেলা ও পৌরবাসীর প্রতি উৎসর্গ করলাম। আমার উদ্দেশ্য শ্রীমঙ্গল-কমলগঞ্জকে ঢেলে সাজানো এবং মানুষের কল্যাণে কাজ করা।”
তিনি উল্লেখ করেন, সাতগাঁও ইউনিয়নে অবস্থিত ‘চা কন্যা ভাস্কর্য’ সংলগ্ন সড়কটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক সেখানে ছবি তুলতে আসেন। কিন্তু হাইওয়ে সড়কের পাশেই অবস্থানের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ বিষয়ে সড়কটি প্রশস্তকরণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য প্যাকেটজাত তরল দুধ সরবরাহ করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনার নিয়োগ, নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ এবং শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়—সম্পর্কে অবগত হন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আলী, জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামূল হক তরফদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, মোবারক হাসান লুপ্পা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডিএস.




















