জামালপুরে গভীর রাতে বাসার দরজা ভেঙে সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৬০) কে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পৌর এলাকার জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গতরাত আনুমানিক ২টার দিকে তার বাসায় দরজা ভেঙ্গে মুখে কালো মুখোশ পড়ে ঘরে প্রবেশ করে ৪ জন। পরে তাদের উভয়ের হাত-পা ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ও লুট করে নিয়ে যায়।
এ সময় তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত পান তিনি। রাত ৩টার দিকে তার স্ত্রী এবং তিনি হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএস./



















