ভোক্তাদের অধিকার সংরক্ষণে কাজ করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় “শাড়ী বিচিত্রা “ও “বি বাড়িয়া ক্লথ স্টোর” নামক দুইটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালিয়ে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় র্যাব-৯ এর একটি দল অভিযানে তাকে সহযোগিতা করে। অভিযান কালে দেখা যায়, জরিমানা করা দোকানে বিদেশি কাপড় বিক্রি করা হলেও তাদের হাতে পণ্য ক্রয়ের কোনো প্রমাণপত্র বা রশিদ নেই। ফলে পণ্যের প্রকৃত ক্রয়মূল্য, বৈধভাবে আমদানি হয়েছে কিনা, ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে কিনা বা পণ্যটি নকল নাকি আসল এসব বিষয়ে সংশয় দেখা দেয়।
এসব কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী “শাড়ি বিচিত্রা “কে এক লাখ টাকা এবং “বি বাড়িয়া ক্লথ স্টোর”কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
ডিএস./























