“নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। মশার বংশবিস্তার রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই কর্মসূচিতে বিডি ক্লিন সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এজন্য আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সুন্দর ও সুস্থ জীবনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান আয়োজকরা।
ডিএস./





















