ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে দেশে ১০০ জন মানুষের মধ্যে ১০০ জনেরই কোনো না কোনো অভিযোগ রয়েছে। তিনি বলেন, “জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য, জনগণকে শোষণ করার জন্য নয়।”
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, সারাদেশের নদী-নালা ও খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন সড়কও সংস্কার করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। যাদের প্রয়োজন তারা এই কার্ড গ্রহণ করবেন, আর যাদের প্রয়োজন নেই তারা নেবেন না।
এর আগে সকাল ১১টায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নিয়ামতপুর উপজেলার বেলগাপুর-জুলুপাড়া উপ-প্রকল্পের বেললতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নওগাঁ।
মতবিনিময় সভায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকৌশলী বদরুদ্দোজা সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, বেলগাপুর-জুলুপাড়া পর্যন্ত বেললতা খালের দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার। খালটি পুনঃখননের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৪ লাখ ৬২ হাজার টাকা। খালের উপরের প্রস্থ ১৪ ফুট, নিচের প্রস্থ ৮ ফুট এবং গভীরতা ৬ ফুট নির্ধারণ করা হয়েছে।খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ১ হাজার ৫০টি পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি প্রায় ৭৫১ হেক্টর জমিতে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে এবং মৎস্য উৎপাদনও বাড়বে।
ডিএস./





















