মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ নিখোঁজের দুইদিন পর ১৪ বছর বয়সী কিশোর জুনায়েদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত প্রায় ৮টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিসারকুল গ্রামের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, জুনায়েদ মিয়া স্থানীয় আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে।
গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পরপরই প্রবাসী বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সন্তানের সন্ধান কামনা করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এর দুইদিন পর তার মরদেহ উদ্ধারের খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ নির্মম ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শিশুটির লাশ উদ্ধার করে। তিনি বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছেন এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
ডিএস./



















