সীতাকুণ্ডে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ‘ম্যাপ্স এলপিজি’ ও সান গ্যাস’ নামের দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে কিছু ব্যবসায়ী এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারিভাবে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকলেও তা কার্যকর হওয়ার আগেই অসাধু ব্যবসায়ীরা আগে ভাগেই দাম বাড়িয়ে দেন। পাইকারি পর্যায়ে ১,২৯০ টাকায় ক্রয় করা গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে প্রায় ১,৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
তিনি আরো বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ডিএস



















