মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী পাঁচ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিনের কর্মসূচি এবং ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও জনপ্রতিনিধিরা। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে যানজট নিরসন, পর্যটকবান্ধব অবকাঠামো উন্নয়ন, ময়লার ভাগাড় অপসারণ, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া চা বাগান শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা।
তিনি বলেন, শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএস./



















