ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ (দুই) মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ এই আসামীদের গ্রেফতার করা হয়। আটককৃত দুই আসামী হলেন,শাহীন খলিফা (২৪) ও সারফিন জমাদ্দার প্রকাশ সাব্বির (২৩)। আসামী শাহীন খলিফা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার শ্যামনগর খলিফা বাড়ির মৃত অহিদ খলিফার ছেলে এবং সারফিন জমাদ্দার প্রকাশ সাব্বির জেলার আখাউড়া থানার তারাগন জমাদ্দার বাড়ির মৃত মোঃ জালু মিয়ার সন্তান।
পুলিশের দেয়া তথ্য মতে, এস.আই (নিরস্ত্র) সুমন কান্তি দে ও তার সঙ্গীয় ফোর্স সহ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে আখাউড়া থানার আখাউড়া পৌরসভার শান্তিনগর বরিশল ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ আসামীদের হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
গ্রেফতারকৃত আসামীরদ্বয়ের বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মাদক মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডিএস./





















