জামালপুরে ভুট্টা ক্ষেত থেকে জুয়েল শেখ (৩০) নামের অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি মৃত দেহ দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক। গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ সনাক্ত করেছে। নিহত জুয়েল শেখ গতকাল থেকে নিখোঁজ ছিলেন। এতে পরিবারের পক্ষে মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএস./





















