গাজীপুরের কালীগঞ্জে আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম। সভায় উপজেলা সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন পিপিএম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষ উদযাপনকে আনন্দঘন ও সুশৃঙ্খল করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রামীণ মেলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এ দিনটি ঘিরে সকলের অংশগ্রহণে একটি সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নববর্ষ উদযাপনকে সফল করতে বিভিন্ন দায়িত্ব বণ্টন ও কার্যপরিকল্পনা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও কালীগঞ্জে বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেবে।
ডিএস./



















