শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১) মোট ৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ-ইউনিটে মোট ৫১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৭৯.৩৪ শতাংশ।
ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ নিয়োজিত ছিলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ডিএস./




















