বর্তমান স্থানীয় সরকার নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলার জনগুরুত্বপূর্ণ ৩ নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হাফিজুর রহমান হাফিজ। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জগৎবিখ্যাত কপোতাক্ষ নদের তীরে পারকুমিরা গ্রামে জন্ম নেওয়া হাফিজ মনে করেন, ইউনিয়নের মানুষের মৌলিক চাহিদা পূরণ ও ভাগ্য উন্নয়নে এখনো আশানুরূপ কাজ হয়নি। মৃত্যুর আগে তিনি চান মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি উন্নত ও সুশৃঙ্খল ইউনিয়ন গড়ে তুলতে।
সরুলিয়া ইউনিয়ন তালা উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে রয়েছে পাটকেলঘাটা থানা শহর, যা বানিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। নদীবন্দর এলাকা ও উপজেলা শহরের উন্নয়ন নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন ও প্রস্তাবনা দিয়ে আসছেন। ২০০৪ সালে বিএনপি সরকারের সময়ে পাটকেলঘাটাকে থানায় রূপান্তর করা হয়। এ কারণে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হলে উপজেলা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন এ ইউপির জনপ্রতিনিধি।
হাফিজুর রহমান হাফিজ মনে করেন, দলীয় প্রার্থী নির্বাচিত হলে ইউনিয়নে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাতসহ বহুমুখী উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে। তিনি জানান – সততা, ন্যায়নীতি আর ত্যাগের মহিমায় নিজের জন্মভূমিকে একটি মডেল ইউনিয়নে রূপ দেওয়ার এখনই সময়।
তার রাজনৈতিক জীবনের পথচলা দীর্ঘ। ১৯৮৫ সালে সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তালা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক ছিলেন এবং তিনটি মামলার শিকার হন। ১৯৯৮ সালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সালে উপজেলা যুবদলের সভাপতি হন। সর্বশেষ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ১৭টি মিথ্যা মামলার শিকার হয়ে তিনবার কারাবরণ করেন।
তিনি বিশ্বাস করেন, দল ও জনগণের জন্য যে ত্যাগ করেছেন তা দলীয় হাইকমান্ডের নজরে আসা উচিত। সততা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে তিনি পরীক্ষিত। তাই সরুলিয়া ইউনিয়নের মানুষের কাছে তিনি নিজেকে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।
সরুলিয়া ইউনিয়নের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল ৩৯,৮৭৩ জন, বর্তমানে তা দ্বিগুণ হতে পারে। আয়তন ২৫,০৮২ বর্গকিলোমিটার, মৌজা ১০টি, গ্রাম ২৭টি ও ওয়ার্ড ৯টি। হাফিজুর রহমান হাফিজ দলীয় মনোনয়নে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, যদি তা না হয়, তবে দলের উচ্চপর্যায়ের নেতাদের কাছে অনুরোধ থাকবে – জনগণের জন্য কাজ করবেন এমন একজনকে মনোনীত করা হোক। কোনোভাবেই বিদ্রোহী প্রার্থী যেন না থাকে।
সরুলিয়া ইউনিয়নের মানুষের কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন, যাতে ইউনিয়নবাসীর ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দিতে পারেন।
ডিএস./



















