চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি এলাকায় গাছ কেটে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছেন পরিবেশকর্মীরা। আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিআরবি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে সিআরবি রক্ষা মঞ্চ।রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম আজ রোববার বিকেলে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনে আসার খবরে নতুন করে এ উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদে সকালে সিআরবি এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে সিআরবি রক্ষা মঞ্চসহ বিভিন্ন সামাজিক সংগঠন।মানববন্ধনে বক্তারা বলেন, সিআরবি একটি প্রাণবৈচিত্র্যপূর্ণ এলাকা এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান। এখানে যেকোনো ধরনের বাণিজ্যিক নির্মাণ পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট করবে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, সিআরবি শুধু একটি খালি জায়গা নয়, এটি চট্টগ্রাম শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ একটি সবুজ অঞ্চল।তাদের ভাষ্য, এখানে হাসপাতাল নির্মাণের নামে গাছ কাটা হলে তা দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য ক্ষতির কারণ হবে।বক্তারা আরও বলেন, সিআরবি একটি ঐতিহ্যবাহী বা হেরিটেজ এলাকা। এর স্বকীয়তা নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত নয়।তাদের মতে, শহরের অন্য কোথাও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে পরিবেশের ওপর এমন নেতিবাচক প্রভাব পড়বে না।মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, সিআরবি এলাকায় কোনোভাবেই বেসরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা না হয়।একই সঙ্গে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানান আন্দোলনকারীরা।তারা বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে পরিবেশ ধ্বংসের বিনিময়ে সেই উন্নয়ন টেকসই হতে পারে না আন্দোলনকারীদের ভাষায়, সিআরবির মতো সবুজ এলাকা রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যাওয়া।
মানববন্ধনে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনুস বলেন, সিআরবি চট্টগ্রামের মানুষের আবেগ ও ইতিহাসের অংশ। শহরের একের পর এক সুন্দর জায়গা ধ্বংস করা হচ্ছে। আমরা কোনোভাবেই এখানে হাসপাতাল হতে দেব না।
ডিএস./



















