সারাদেশের অন্যান্য জেলার মতো নওগাঁয়ও শুরু হয়েছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। নওগাঁ জেলায় মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
এই বৃহৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলায় ২ হাজার ৪৬০টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, সাময়িকভাবে অসুস্থ শিশুদের টিকা দেওয়া হবে না। তবে শিশুদের সুস্থতা নিশ্চিত হলে দ্রুত টিকাদান সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।
হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল অভিভাবকদের স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার প্রতিটি শিশুকে হাম-রুবেলা থেকে সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে।
ডিএস,




















