কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) একই এলাকার রবিউল শেখের ছেলে।
তিনি পেশায় ফেরি করে মশারি বিক্রি করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ গত শনিবার (১৮ এপ্রিল) কাজ শেষে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রাত ৩টার দিকে ছোট ভাই জহুরুল তার বড় ভাই রাশেদের ওপর ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর থেকেই জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম জানান, রাশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিএস./




















