স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়নে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি’র বিশেষ ব্যবস্থাপনায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দীন আলী। তিনি বলেন, দেশের নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস্তবমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা সুলভ মূল্যে চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব কমাতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, এই কার্যক্রম একটি ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনার অংশ। স্মার্ট কার্ড ব্যবহারের ফলে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা পৌঁছানো সহজ হবে, ফলে জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত হবে।
নাংগলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য মোঃ সেলিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, সচিব মোঃ জাহেদুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ডপ্রাপ্তরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই উদ্যোগ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে সহায়তা করবে এবং পারিবারিক ব্যয় ব্যবস্থাপনায় স্বস্তি এনে দেবে।
শেষে সালাউদ্দীন আলী বলেন, ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে অধিক সংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে।
ডিএস./



















