মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের বিএনপির সরকার মাত্র দুই মাস সময় পার করলো। এই দুই মাসের সরকারের জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন যে, নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়টা ওয়াদা দিয়েছিলেন, প্রত্যেকটা ওয়াদা বাস্তবায়নের প্রদক্ষেপ নিয়েছেন তিনি। ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, খাল খননসহ প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিন ব্যাপী কবিতা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, আমি সকলের সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই। টাঙ্গাইলের বেকারত্ব দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। বেকার যুবকদের যাতে কর্মসংস্থানের কোন সমস্যা না হয় সে বিষয়ে আমার জায়গা থেকে কাজ করতে সকলের সহযোগিতা চান তিনি।
কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন। দুই দিনব্যাপী এই উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
ডিএস./



















